শিরোনাম
◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৯ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় অবরোধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক, যান চলাচল স্বাভাবিক

সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। আজ সোমবার সকাল থেকে সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। প্রশাসন জানিয়েছে, কোনো ধরনের অবরোধের চেষ্টা হলে বলপ্রয়োগ করা হবে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বিক্ষুব্ধরা আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ করার কথা থাকলেও সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো অবরোধ হয়নি। হামিরদি বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদি বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেন। এ সময় নারী ও শিশুদের হাতে ঝাড়ু দেখা যায়। তারা ‘চলছে লড়াই চলবে, হামিরদিবাসী লড়বে’ এবং ‘এক ইঞ্চি সীমানা নগরকান্দায় দেব না’ স্লোগান দিতে থাকেন।

মানববন্ধন চলাকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সেনাবাহিনী সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে সকাল ১০টার দিকে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।

স্থানীয় বাসিন্দা বিপুল শরীফ নির্বাচন প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা শপথ ভঙ্গ করেছেন। আমাদের হামিরদি ফিরিয়ে দিন, আমরা ভাঙ্গায় একসঙ্গে থাকতে চাই।’ তিনি প্রশাসনের কাছে অনুরোধ করেন, যেন সাধারণ মানুষকে মামলার হয়রানি থেকে রক্ষা করা হয়।

এদিকে, চলমান বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে পুলিশ বাদী হয়ে গতকাল রোববার রাতে একটি মামলা করেছে। মামলায় ৯০ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, মামলাটি দ্রুত বিচার আইনে রুজু করা হয়েছে। এ পর্যন্ত মো. সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে যাতে কোনো সড়ক অবরোধ করা না হয়। সকল সড়কের যান চলাচল স্বাভাবিক আছে। তিনি বলেন, ‘কোথাও সড়ক অবরোধ করা হলে সেখানে বলপ্রয়োগ করা হবে। তবে স্থানীয়রা যদি সড়ক অবরোধ না করে অন্য কোনো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে, তাতে কোনো বাধা দেওয়া হবে না।’

প্রসঙ্গত, গত ৪ আগস্ট নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করা হয়। এতে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হয়। এর প্রতিবাদে গত পাঁচ দিনে তিন দফায় ভাঙ্গা হয়ে যাওয়া দুটি মহাসড়ক, দুটি রেলপথ এবং ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়। এতে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ চরম দুর্ভোগে পড়েন। সর্বশেষ রোববারও সকাল-সন্ধ্যা অবরোধ পালন করা হয় এবং সোম ও মঙ্গলবারও অবরোধের ঘোষণা ছিল। সূত্র : আজকের পত্রিকা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়