মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তের পর এবার রোকনপুর সীমান্ত দিয়ে নৌকাযোগে নদীপথে নারী- শিশুসহ ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির প্রতিরোধের মুখে বিএসএফের এই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (১২ জুন) মধ্যরাতে রোকনপুর সীমান্তের শূন্য লাইন দিয়ে পুশইনের চেষ্টা করে বিএসএফ। পুশইনের শিকার হওয়া দলে দুজন পুরুষ, আটজন নারী এবং পাঁচজন শিশু ছিল।
১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০/এমপির কাছে ভারতের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে নৌকাযোগে নদীপথে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে।
বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সেখানে অবস্থান নিয়ে বাধা দেয়। বাধার করেন ভারতের ভেতরেই শূন্য লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয় তারা। পরে বিজিবির কঠোর তৎপরতা ও জোরালো প্রতিবাদের মুখে রাত ২টা ৪০ মিনিটের দিকে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে সীমান্ত-সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
বর্তমানে সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও সার্বক্ষণিক টহল অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে অধিনায়ক।