শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৮:০৭ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা

দেশে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বাড়ায় অতিরিক্ত খরচের বোঝা চেপেছে গ্রাহকদের ঘাড়ে। বর্ধিত দামে এ চার ধরনের জ্বালানি কিনতে আগামী এক বছরে গ্রাহকদের পকেট থেকে বাড়তি প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা বের হয়ে যেতে পারে। জ্বালানি তেলের চাহিদা, সরবরাহ এবং মূল্য বিশ্লেষণে এ তথ্য বের হয়ে এসেছে।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রভাবে দেশে এ চার ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। গত রবিবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

গত শনিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকায় নির্ধারিত হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, গত অর্থবছরে দেশে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের ব্যবহার ছিল যথাক্রমে ৪৩ লাখ ৫০ হাজার ৭৫ মেট্রিক টন, ৪ লাখ ১৫ হাজার ৬৫৩ মেট্রিক টন, ৪ লাখ ৬২ হাজার ৪৭৫ মেট্রিক টন এবং ৬৭ হাজার ৪৭৭ মেট্রিক টন। বিপিসির আওতাধীন তেল বিপণন কোম্পানিগুলোর কয়েক জন কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে এবং চলতি বছরের প্রথম ৯ মাসে তেলের চাহিদা ও সরবরাহ বৃদ্ধির হার বিবেচনায় নিলে আগামী এক বছরে জ্বালানি তেলের ব্যবহার প্রায় ১০ শতাংশ বাড়তে পারে। সে হিসাবে ৩৬৫ দিনে মোট ব্যবহার দাঁড়ায় প্রায় ৫৬৯ কোটি লিটার ডিজেল, ৬১ কোটি ৭৮ লাখ লিটার অকটেন, ৬৮ কোটি ৭৪ লাখ লিটার পেট্রোল এবং ৯ কোটি ২৭ লাখ লিটার কেরোসিন। বিপিসির জ্বালানি তেলভেদে গড় ঘনত্ব অনুযায়ী টনকে লিটারে রূপান্তর করে এই হিসাব করা হয়েছে।

বর্ধিত দামে এ পরিমাণ তেল কিনতে ক্রেতাদের বছরে মোট খরচ করতে হবে দাঁড়াবে প্রায় ৮৪ হাজার ৬৪৭ কোটি টাকা, যা আগের দামের তুলনায় অতিরিক্ত প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা বেশি। গত রবিবারের আগের দামে এ পরিমাণ তেল কিনতে হলে মোট খরচ হতো প্রায় ৭৩ হাজার ৩৯৩ কোটি টাকা। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, নতুন নির্বাচিত সরকারের সময় কৃষি ও ব্যবসায় চাঞ্চল্য বাড়লে তেলের চাহিদা আরো বেশি বাড়তে পারে। আবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব দীর্ঘায়িত হওয়ার প্রভাবে অর্থনৈতিক কার্যক্রম কমে গেলে চাহিদা কমে যেতে পারে।

ডিজেলেই সবচেয়ে বড় ব্যয় ও চাপ :চার ধরনের জ্বালানির মধ্যে ডিজেলের ব্যবহার সবচেয়ে বেশি এবং অর্থনৈতিক চাপের বড় অংশও এ তেলকে কেন্দ্র করেই। বছরে প্রায় ৫৬৯ কোটি লিটার ডিজেল ব্যবহারের বিপরীতে নতুন দামে ভোক্তাদের ব্যয় দাঁড়াবে প্রায় ৬৫ হাজার ৫১০ কোটি টাকা। আগের দামে এই ব্যয় ছিল প্রায় ৫৬ হাজার ৯৬৫ কোটি টাকা। অর্থাত্ এককভাবে ডিজেলেই অতিরিক্ত ব্যয় বাড়ছে প্রায় ৮ হাজার ৫৪৫ কোটি টাকা।

সব ধরনের জ্বালানি তেলের মধ্যে ডিজেলের ব্যবহারই ৬০ শতাংশের বেশি। পরিবহন খাতে বাস, ট্রাক, লরি, নৌযানসহ অধিকাংশ বাণিজ্যিক যানবাহন ডিজেলনির্ভর। কৃষি খাতের সেচ পাম্প, ট্রাক্টর, হারভেস্টারসহ কৃষিযন্ত্রের বড় অংশ ডিজেলে চলে। জরুরি ও পিক আওয়ারে ডিজেলচালিত বিদ্যুেকন্দ্রগুলো উত্পাদনে আসে। ফলে ডিজেলের মূল্যবৃদ্ধি গ্রাহকের সরাসরি খরচবৃদ্ধি ছাড়াও সরাসরি পণ্য পরিবহন ব্যয় বাড়িয়ে বাজারে মূল্যস্ফীতির চাপ সৃষ্টি করতে পারে।

ব্যক্তিগত পরিবহনে বাড়তি খরচ :অকটেন ও পেট্রোল মূলত ব্যক্তিগত যানবাহন, প্রাইভেট কার, মোটরসাইকেল এবং কিছু উচ্চক্ষমতাসম্পন্ন ইঞ্জিনে ব্যবহূত হয়। হিসাব অনুযায়ী, বছরে অকটেন ব্যবহারে ব্যয় দাঁড়াবে প্রায় ৮ হাজার ৬৫০ কোটি টাকা, যা আগের তুলনায় অতিরিক্ত প্রায় ১ হাজার ২৩৫ কোটি টাকা বেশি। একইভাবে পেট্রোল ব্যবহারে মোট ব্যয় হবে প্রায় ৯ হাজার ২৮১ কোটি টাকা, যা আগের তুলনায় বাড়তি প্রায় ১ হাজার ৩০৬ কোটি টাকা।  এই দুই জ্বালানির দাম বাড়লে সরাসরি মধ্যবিত্ত ও শহুরে জনগোষ্ঠীর দৈনন্দিন যাতায়াত ব্যয় বাড়ে। রাইড শেয়ারিং, মোটরসাইকেলভিত্তিক সেবা এবং ব্যক্তিগত গাড়ির ও মোটরসাইকেলের খরচ বেড়ে যাওয়ায় নগর জীবনে ব্যয়ের চাপ আরো তীব্র হতে পারে। এক্ষেত্রে সীমিত ও নির্ধারিত আয়ের জনগণ বেশি চাপে পড়বে।

কেরোসিনে খরচ বাড়বে প্রান্তিক মানুষের :কেরোসিনের ব্যবহার তুলনামূলক কম হলেও এর সামাজিক গুরুত্ব বেশি বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। বছরে প্রায় ৯ কোটি ২৭ লাখ লিটার কেরোসিন ব্যবহারের বিপরীতে নতুন দামে ব্যয় দাঁড়াবে প্রায় ১ হাজার ২০৬ কোটি টাকা, যা আগের তুলনায় অতিরিক্ত প্রায় ১৬৭ কোটি টাকা বেশি। প্রধানত গ্রামীণ ও নিম্নআয়ের জনগোষ্ঠীর মধ্যে  কেরোসিনের ব্যবহার বেশি। প্রান্তিক এলাকায় বিদ্যুত্ না থাকলে এর ব্যবহার করেন নিম্ন আয়ের মানুষ। এছাড়া ছোট রান্নার চুলা এবং ক্ষুদ্র ব্যবসায়ও কেরোসিন ব্যবহূত হয়। অর্থাত্ কেরোসিনের মূল্যবৃদ্ধি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিতে পারে। অথবা তাদের নিত্যদিনের অন্য চাহিদার বিপরীতে ব্যয় বন্ধ করে দিতে হতে পারে।

উত্পাদনে ও বাজারে প্রভাব :তেল কিনতে গ্রাহকের খরচের বাইরেও জ্বালানির এই মূল্যবৃদ্ধি বহুমাত্রিক প্রভাব ফেলবে দেশজ উত্পাদনে ও বাজারশৃঙ্খলায়। দামবৃদ্ধির দ্বিতীয় দিনেই গতকাল সোমবার দেশের কিছু জায়গায় পণ্য পরিবহন খরচ ও যাত্রী পরিবহন ভাড়া বেড়ে গেছে। আর সার্বিকভাবে ভাড়া বাড়াতে দরকষাকষি চলছে। কৃষি খাতে সেচের খরচ বেড়ে খাদ্য উত্পাদন ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিদ্যুতের লোডশেডিংয়ের সময় অনেক বাণিজ্যিক ও আবাসিক ভবনে জেনারেটর চালাতে ডিজেল ব্যবহূত হয়। সম্প্রতি লোডশেডিং বেড়ে যাওয়ায় এখানেও খরচ বাড়বে। শিল্প ও বিদ্যুত্ উত্পাদন ব্যয় বাড়লে সামগ্রিক উত্পাদন খরচও বৃদ্ধি পাবে। গতকাল এক অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, খাদ্যদ্রব্য জ্বালানি তেলে তৈরি হয় না। এটি পরিবহনে তেল লাগে। উত্পাদন শিল্পেও জ্বালানি খরচ হয় মোট উত্পাদন ব্যয়ের ৭-৮ শতাংশ। ফলে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়