শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৯:৫৮ সকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারণে-অকারণে রাগ হয়? নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে

রাগ মানুষের স্বাভাবিক আবেগ। কিন্তু সেই রাগ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা হয়ে উঠতে পারে ভয়ংকর।

কারণ মুহূর্তের রাগ অনেক সময় আজীবনের অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। ক্ষোভ জমিয়ে রাখাও ক্ষতিকর। বরং প্রয়োজন সচেতনভাবে রাগ সামলানোর কৌশল শেখা।
বিশেষজ্ঞদের মতে, রাগ এমন এক আবেগ, যা মানুষকে অনেক সময় নিজের কাছেই অসহায় করে তোলে।

মনে হয় যেন ভেতরে জমে থাকা এক অদৃশ্য আগুন সবকিছু নিয়ন্ত্রণ করছে। তাই রাগকে অস্বীকার নয়, বরং বুঝে নিয়ন্ত্রণ করতে শেখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন রাগ এলে নিজেকে সামলানোর উপায় নিয়ে এই প্রতিবেদনে কিছু জরুরি পরামর্শ দিয়েছে।

রাগ কেন হয়?

মনোবিজ্ঞানী চার্লস স্পিলবার্গ রাগকে ব্যাখ্যা করেছেন এমন এক আবেগ হিসেবে, যার তীব্রতা সামান্য বিরক্তি থেকে শুরু করে প্রচণ্ড ক্ষোভ ও ক্রোধ পর্যন্ত যেতে পারে।

আর এই আবেগ শুধু মানসিক নয়, শারীরিক পরিবর্তনও ঘটায়।

রাগ হলে হৃদস্পন্দন বেড়ে যায়, রক্তচাপ বাড়ে, শরীরে অ্যাড্রেনালিন ও নরঅ্যাড্রেনালিনের মাত্রা বৃদ্ধি পায়। অর্থাৎ শরীর তখন লড়াই বা প্রতিরোধের প্রস্তুতি নিতে শুরু করে। এ কারণেই রাগের সময় মানুষ অনেক বেশি উত্তেজিত, অস্থির কিংবা আক্রমণাত্মক হয়ে ওঠে।

রাগের উৎস ও বিচিত্র

কারো ক্ষেত্রে তা হতে পারে অফিসের চাপ, কারো ক্ষেত্রে পারিবারিক দ্বন্দ্ব, আবার কারো জন্য অতীতের তিক্ত স্মৃতি। যানজট, বাতিল হওয়া ফ্লাইট, অসম্মানজনক আচরণ কিংবা দীর্ঘদিনের হতাশাও রাগের জন্ম দিতে পারে।

জীবনের জন্য কি রাগ প্রয়োজন!

রাগকে সবসময় নেতিবাচক হিসেবে দেখা হলেও এটি মানুষের স্বাভাবিক প্রতিরক্ষামূলক আবেগ। বিপদ বা হুমকির মুখে রাগ মানুষকে আত্মরক্ষার শক্তি দেয়। তাই একেবারে রাগহীন মানুষ হওয়া সম্ভবও নয়, প্রয়োজনীয়ও নয়।

সমস্যা শুরু হয় তখনই, যখন রাগ নিয়ন্ত্রণ হারিয়ে ধ্বংসাত্মক হয়ে ওঠে।

কারণ বাস্তবতা হলো—প্রতিটি বিরক্তিকর পরিস্থিতিতে চিৎকার করা বা আক্রমণাত্মক আচরণ করা সম্ভব নয়। সমাজ, আইন এবং সম্পর্ক—সব কিছুরই কিছু সীমা আছে। তাই মানুষকে শিখতে হয় কিভাবে রাগকে সামলাতে হবে।

যতভাবে রাগ সামলায় মানুষ

বিশেষজ্ঞরা বলছেন, মানুষ সাধারণত তিনভাবে রাগ মোকাবেলা করে—প্রকাশ, দমন এবং প্রশমিত করা।

১. রাগ প্রকাশ

রাগ প্রকাশের সবচেয়ে স্বাস্থ্যকর উপায় হলো দৃঢ় কিন্তু ভদ্রভাবে নিজের অনুভূতি জানানো। আক্রমণাত্মক আচরণ নয়, বরং পরিষ্কারভাবে নিজের প্রয়োজন ও কষ্টের কথা বলা।

এই দৃঢ় হওয়া মানে কাউকে ভয় দেখানো নয়; বরং নিজের ও অন্যের প্রতি সম্মান রেখে কথা বলা।

২. রাগ দমন

অনেকে রাগ চেপে রাখেন। বাইরে কিছু প্রকাশ করেন না, কিন্তু ভেতরে ক্ষোভ জমতে থাকে। এই জমে থাকা রাগ একসময় উচ্চ রক্তচাপ, হতাশা বা বিষণ্নতার কারণ হতে পারে।

কখনো কখনো এটি ‘প্যাসিভ-অ্যাগ্রেসিভ’ আচরণেও রূপ নেয়। অর্থাৎ সরাসরি কিছু না বলে আড়ালে কটাক্ষ করা, তীব্র সমালোচনা করা কিংবা ইচ্ছাকৃতভাবে দূরত্ব তৈরি করা।

৩. নিজেকে শান্ত করা

সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো নিজেকে ভেতর থেকে শান্ত করা। শুধু মুখের আচরণ নিয়ন্ত্রণ নয়, বরং নিজের চিন্তা, শ্বাস-প্রশ্বাস এবং শারীরিক প্রতিক্রিয়াকেও শান্ত করা।

কেউ কেউ খুব সহজেই রেগে যায় কেন?

রাগ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ জেরি ডিফেন্সারের মতে, কিছু মানুষ জন্মগতভাবেই বেশি স্পর্শকাতর ও রাগপ্রবণ। তারা অন্যদের তুলনায় দ্রুত ও তীব্রভাবে রেগে যায়।

তবে শুধু জিনগত কারণ নয়, পারিবারিক পরিবেশও গুরুত্বপূর্ণ। বিশৃঙ্খল পরিবার, আবেগিক যোগাযোগে দুর্বল কিংবা সবসময় উত্তেজনাপূর্ণ পরিবেশে বেড়ে ওঠা মানুষদের মধ্যে রাগ নিয়ন্ত্রণের সমস্যা বেশি দেখা যায়।

তিনি বলেন, আরো একটি বিষয় হলো—অনেক মানুষ হতাশা সহ্য করতে পারেন না। তারা মনে করেন, তাদের জীবনে কোনো বাধা ও অসুবিধা থাকা যাবে না। ফলে সামান্য বিরক্তিও তাদের কাছে অসহনীয় মনে হয়।

ক্ষণিকের রাগ, দীর্ঘমেয়াদি ক্ষতি

নিয়ন্ত্রণহীন রাগ শুধু মানসিক নয়, শারীরিক সমস্যাও তৈরি করতে পারে। দীর্ঘমেয়াদি রাগ ও মানসিক চাপ উচ্চ রক্তচাপ, অনিদ্রা, উদ্বেগ ও বিষণ্নতার ঝুঁকি বাড়ায়।

এর পাশাপাশি পরিবার, বন্ধুত্ব ও দাম্পত্য সম্পর্কেও তৈরি হয় দূরত্ব। কারণ মানুষ সাধারণত রাগের মুহূর্তের কথাগুলো সহজে ভুলতে পারে না।

সব রাগ উগরে দেওয়া কি ভালো?

অনেকেই মনে করেন, চিৎকার করে বা সব রাগ উগরে দিলে মন হালকা হয়। কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন, এটি একটি বিপজ্জনক ভুল ধারণা।

গবেষণায় দেখা গেছে, রাগকে বিস্ফোরণের মতো প্রকাশ করলে তা বরং আরো আক্রমণাত্মক আচরণ বাড়ায়। এতে পরিস্থিতি জটিল হয়, সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় এবং মানসিক অস্থিরতা আরো বাড়তে পারে।

কিভাবে নিয়ন্ত্রণ করবেন রাগ?

আমরা সবাই জানি রাগ হয়, এবং আমরা সবাই কখনো না কখনো তা অনুভব করেছি—কখনো সামান্য বিরক্তি হিসেবে, কখনো তীব্র ক্ষোভ বা ক্রোধ হিসেবে।  রাগ অনেক সময় মানুষকে এমন অনুভব করায়, যেন সে এক অনিশ্চিত ও শক্তিশালী আবেগের করুণার ওপর নির্ভরশীল। তাই এর নিয়ন্ত্রণ খুব জরুরী।

গভীর শ্বাস নিন
রাগের মুহূর্তে ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়া শরীরকে শান্ত করতে সাহায্য করে। বুক নয়, পেট থেকে শ্বাস নেওয়ার অভ্যাস কার্যকর হতে পারে।

চিন্তার ধরন বদলানো
রাগের সময় মানুষ প্রায়ই অতিরঞ্জিতভাবে চিন্তা করে। “সব নষ্ট হয়ে গেছে” ভাবার বদলে নিজেকে মনে করিয়ে দিন—এটি একটি কঠিন পরিস্থিতি, কিন্তু পৃথিবীর শেষ নয়।

শব্দ বেছে নিন

“তুমি কখনোই এটা করো না” বা “সবসময় একই কাজ করো”—এ ধরনের ভাষা উত্তেজনা বাড়ায়। অভিযোগ নয়, নিজের অনুভূতির কথা বলুন।

সমস্যার সমাধানে মনোযোগ দিন

সব সমস্যার তাৎক্ষণিক সমাধান হয় না। কিন্তু রাগ দিয়ে কোনো সমস্যাই সহজ হয় না। তাই পরিস্থিতিকে কীভাবে মোকাবিলা করা যায়, সেদিকে মনোযোগ দেওয়া জরুরি।

হাস্যরসের আশ্রয় নিন

হালকা রসিকতা অনেক সময় উত্তেজনা কমিয়ে দেয়। তবে ব্যঙ্গ বা অপমানজনক রসিকতা পরিস্থিতি আরও খারাপ করতে পারে।

নিজেকে একটু সময় দিন

দিনের সবচেয়ে চাপপূর্ণ সময়গুলোতে কিছুটা ব্যক্তিগত সময় রাখুন। কয়েক মিনিটের নীরবতাও মনকে অনেক শান্ত করতে পারে।

পরিবেশ বদলানো

কখনো কখনো আশপাশের পরিবেশও রাগের কারণ হয়। তাই নিজেকে কিছুটা সময় দিন, প্রয়োজন হলে বিরক্তিকর পরিস্থিতি এড়িয়ে চলুন।

কখন বিশেষজ্ঞের সাহায্য নেবেন?

একজন মনোবিজ্ঞানী আপনার চিন্তা ও আচরণ পরিবর্তনের উপায় খুঁজে পেতে সাহায্য করতে পারেন। তাহলে রাগ হলে কখন সেই বিশেষজ্ঞের কাছে যেতে হবে?

যদি মনে হয়—

  • রাগ বারবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে
  • পরে নিজের আচরণের জন্য অনুশোচনা হচ্ছে
  • সম্পর্ক নষ্ট হচ্ছে
  • ছোট ঘটনায় বড় প্রতিক্রিয়া দেখাচ্ছেন

এসব লক্ষণ দেখামাত্র মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

বিশেষজ্ঞদের মতে, কাউন্সেলিংয়ের মাধ্যমে মানুষ ধীরে ধীরে নিজের চিন্তা ও আচরণের ধরন বদলাতে পারে।

দৃঢ়তা শেখা জরুরি

রাগান্বিত মানুষকে আক্রমণাত্মক না হয়ে দৃঢ় হতে শেখা জরুরি। তবে মনে রাখতে হবে—রাগ পুরোপুরি দূর করা সম্ভব নয়, এবং সেটি দরকারও নেই।

জীবনে হতাশা থাকবে, কষ্ট থাকবে, অন্যায়ের মুখোমুখিও হতে হবে। মানুষকে সবসময় নিজের মতো পাওয়া যাবে না। এসব বদলানো সম্ভব নয়।

কিন্তু বদলানো সম্ভব নিজের প্রতিক্রিয়া।

রাগকে পুরোপুরি মুছে ফেলা নয়, বরং সেটিকে বুঝে নিয়ন্ত্রণ করতে শেখাই হলো মানসিক পরিপক্বতার বড় লক্ষণ। কারণ ক্ষণিকের ক্রোধ হয়তো মুহূর্তের জন্য স্বস্তি দিতে পারে, কিন্তু নিয়ন্ত্রিত মনই দীর্ঘমেয়াদে মানুষকে শান্তি দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়