শিরোনাম
◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৯ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু আলজেরিয়ায়

আলজেরিয়ার আলজিয়ার্সে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালু করা হয়েছে। এখন থেকে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ই-পাসপোর্ট সুবিধা পাবেন।

মঙ্গলবার দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকসহ কারিগরি প্রতিনিধিদল, বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের প্রতিনিধিদল এবং আলজিয়ার্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন আলজেরিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল হুদা।

উদ্বোধনের আগে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের টিম টেকনিক্যাল কার্যক্রম এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করে।

অনুষ্ঠানে ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত বাংলাদেশিদের সম্যক ধারণা দেন ঢাকার ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মেজর সৈয়দ গোলাম মুরতাজা। পরবর্তীতে ই-পাসপোর্ট আবেদনের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এটিএম আবু আসাদ। তিনি সরকারের ই-পাসপোর্ট প্রকল্পের ওপর নির্মিত একটি তথ্যচিত্রও প্রদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে বক্তব্য দেন রাষ্ট্রদূত মো. নাজমুল হুদা। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কারিগরি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত তার বক্তব্যে দূতাবাস থেকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ই-পাসপোর্ট সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, এই কার্যক্রম চালু করার ফলে এখন থেকে আলজেরিয়ায় এবং এ দূতাবাসের সমবর্তী দেশগুলোতে (ক্যামেরুন, মৌরিতানিয়া, মালি ও গ্যাবন) বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ই-পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও দূতাবাস আলজেরিয়ার বিভিন্ন শহরে কনসুলার পরিষেবা প্রদানের সময় ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করবে। আবেদনকারীরা ৫ বছর বা ১০ বছর মেয়াদি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে।

বাংলাদেশ দূতাবাস আলজিয়ার্সে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করার জন্য রাষ্ট্রদূত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ই-পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া সহজ রাখার ক্ষেত্রে সবাইকে সহযোগিতার আহ্বান জানান রাষ্ট্রদূত।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে রাষ্ট্রদূত কয়েকজন আবেদনকারীকে ই-পাসপোর্ট অ্যানরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন। উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসের এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন এবং দূতাবাসকে ধন্যবাদ জানান। সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়