শিরোনাম
◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০৩:২৮ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্থিক বিবেচনায় নয়, সব মানুষ চিকিৎসা পাবে প্রয়োজন অনুসারে: জুবাইদা রহমান

আর্থিক বিবেচনায় নয় বরং প্রয়োজন অনুসারে সব মানুষ চিকিৎসা পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা: জুবাইদা রহমান।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।

জুবাইদা রহমান বলেন, “স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা দেয়াই বর্তমান সরকারের সংকল্প। ‘সবার জন্য স্বাস্থ্য’ এই নীতির আলোকে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ইউনিভার্সেল হেলথ আমাদের সংকল্প। আমরা বিশ্বাস করি, চিকিৎসা খরচ মেটাতে আর সর্বস্বান্ত নয়, মানসম্মত চিকিৎসা সেবা সবার দোরগোড়ায় থাকবে ইনশাআল্লাহ। প্রতিটি মানুষ চিকিৎসা পাবে তার প্রয়োজন অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী নয়।’

বক্তব্যের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, স্বাধীনতার যুদ্ধে বীর শহীদ এবং শহীদ জুলাই যোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন জুবাইদা রহমান।

প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি ও স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা এবং এদেরকে মা, নবজাতক ও শিশুদের স্বাস্থ্য সেবার মূলকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক স্থাপন করা হবে। সময়মতো অ্যাম্বুলেন্স না পেয়ে আর কোনো মানুষ যেন শেষ নিঃশ্বাস ত্যাগ না করে। ২৪ ঘণ্টা রোগী পরিবহন ও জরুরি সহায়তা পাওয়া যাবে।’

জুবাইদা রহমান বলেন, ‘মেডিক্যাল শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার জন্য সরকার মেডিক্যাল কলেজ ও স্নাতকোত্তর ইনস্টিটিউটসমূহের উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করবে। প্রতিটি স্বাস্থ্যকর্মীর জন্য থাকবে সুসংগঠিত কর্মজীবন পরিকল্পনা। নার্স, মিডওয়াইফ, প্যারামেডিক, মেডিক্যাল টেকনোলজিস্ট, কমিউনিটি হেলথ ওয়ার্কার— প্রত্যেকের আলাদা ক্যারিয়ার কাঠামো এবং যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি-পদায়ন হবে। স্বাস্থ্য সেবা প্রদানকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

সরকারের পরিকল্পনা বাস্তবায়নের সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, “পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য সবার আন্তরিকতা, নিষ্ঠা অতিব প্রয়োজন। আমরা যারা বিশেষায়িত মেডিক্যাল শিক্ষায় শিক্ষিত, সংকল্পবদ্ধ হয়ে নিশ্চয়ই জনগণকে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা কিছুটা হলেও নিশ্চিত করতে পারব। সম্পূর্ণ সফল না হলেও চেষ্টার ঘাটতি যেন না থাকে, যেন পিছিয়ে না যাই। ‘করব কাজ, গড়ব দেশ সবার আগে বাংলাদেশ’।”

দোয়া মাহফিলে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বুকল বলেন, ‘সরকারি হাসপাতালগুলো দালালের দৌরাত্ম্য বন্ধ করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি দালালমুক্ত করতে সকল চিকিৎসকদের সহায়তা প্রয়োজন।’

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে রোগীদের চিকিৎসা দিতে আহ্বান জানান।

ড্যাব’র পক্ষ থেকে চিকিৎসকদের সঠিক সময়ে হাসপাতালে উপস্থিত হয়ে নিয়মিত চিকিৎসা প্রদানের আহ্বান জানিয়ে সকল ন্যায্য চাহিদা পূরণে পাশে থাকার আশ্বাস দেয়া হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড্যাবের উপদেষ্টা ডা: ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ, মহাসচিব ডা: মো: জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডা: মেহেদী হাসান প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়