শিরোনাম
◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৮:০৩ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রনেতা ও এনসিপির পদত্যাগীদের সমন্বয়ে নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা আসতে পারে।

এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সাবেক যুগ্ম সদস্যসচিব তুহিন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত এই প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ পদে থাকবেন বলে জানা গেছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের সভাপতি মেঘমল্লার বসুও এই প্ল্যাটফর্মে যুক্ত হবেন। উদ্যোক্তারা বলছেন, তাঁদের লক্ষ্য দেশে নতুন ধারার রাজনীতি গড়ে তোলা।

শোনা যাচ্ছে, এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন প্রগতিশীল শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন সামাজিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা। তাঁরা দিকনির্দেশনাও দেবেন। সামনে থাকবেন তরুণেরা।

জানতে চাইলে গতকাল সোমবার মেঘমল্লার বসু আজকের পত্রিকাকে বলেন, ‘নিপীড়িত মানুষদের হয়ে কথা বলার জন্য দীর্ঘদিন ধরেই একটি প্ল্যাটফর্ম গড়ার কাজ চলছে। গণমাধ্যমকে এখন এর চেয়ে বেশি কিছু বলতে চাইছি না।’ তিনি জানান, ১৬ জানুয়ারি এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হবে এবং এর নাম হবে ‘জনযাত্রা’।

প্ল্যাটফর্মটির উদ্যোক্তারা জানান, তাঁদের লক্ষ্য গণতান্ত্রিক সমাজতন্ত্র ঘরানার একটি রাজনৈতিক দল গঠন। নির্বাচনের আগে অন্তত ছয় মাস থেকে এক বছর প্ল্যাটফর্ম আকারে সক্রিয় থেকে নীতি সংলাপ, নাগরিকদের সংগঠিত করা, বিভিন্ন সামাজিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং তৃণমূলে সংগঠন গড়ে তোলার দিকে গুরুত্ব দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ছয় মাস থেকে এক বছরের মধ্যে প্ল্যাটফর্মটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে। এর আগে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করা হবে। বর্তমানে গঠনতন্ত্র তৈরির কাজ চলছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট করার সিদ্ধান্তের পর দলটির অন্তত ১৬ জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেন। তাঁদের কয়েকজন পর্যায়ক্রমে নতুন এই প্ল্যাটফর্মে যুক্ত হবেন বলে শোনা যাচ্ছে। এনসিপির এই পদত্যাগী নেতাদের একজন মুশফিক উস সালেহীন। তিনি এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক ছিলেন। নতুন প্ল্যাটফর্মে যোগ দিচ্ছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘অন্যদের কথা আমি বলতে পারছি না। তবে আমি এখন পর্যন্ত কোনো প্ল্যাটফর্ম বা দলে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিইনি।’

এই উদ্যোগে সম্পৃক্ত একজন ছাত্রনেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তরুণেরাই এই প্ল্যাটফর্মের মূল দায়িত্বে থাকবেন। তবে বিভিন্ন স্তরের শিক্ষক, বুদ্ধিজীবী, সামাজিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা নেপথ্যে যুক্ত থাকবেন এবং দিকনির্দেশনাও দেবেন। পাশাপাশি বিদেশে অবস্থানরত উদ্যোগী প্রাক্তন ছাত্রনেতা, শিক্ষক ও রাজনৈতিক কর্মীরাও এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত আছেন। তবে প্রাথমিক পর্যায়ে অনেকেই প্রকাশ না করে কাজ করবেন। কেউ কেউ ছদ্মনাম ব্যবহার করবেন।

উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আলোচনা ও প্রস্তুতি চলে। এরই ধারাবাহিকতায় একাধিক ‘অ্যাসেম্বলি’ (সভা) সম্পন্ন করে তাঁরা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশের সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে প্ল্যাটফর্মটির ঘোষণাপত্র চূড়ান্ত করা হয়েছে এবং আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কাজ চলছে।

নতুন প্ল্যাটফর্ম গড়ার উদ্যোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায় বলেন, দীর্ঘ সময় ধরে ‘ইনডিভিজুয়াল’ আন্দোলন বা বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা—এমন বিভিন্নজনের সঙ্গে কথা বলে প্ল্যাটফর্মটি গোছানো হচ্ছে। অনেকের সঙ্গে আলাপ হচ্ছে। প্রাথমিকভাবে একটি ঘোষণা আসবে। পরে নির্দিষ্ট সময়ে আরও অনেক মানুষ যুক্ত হবে। নেতৃত্বে কারা থাকবেন–এ প্রশ্নে তিনি বলেন, সময় হলে সবাইকে জানানো হবে। জুলাই আন্দোলনের সমন্বয়কদের অনেকে, নির্বাচিত বিভিন্ন ছাত্র সংসদের নেতারা, জুলাই গণ-অভ্যুত্থানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নেতারা থাকবেন। সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়