শিরোনাম
◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৭:৪১ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজিরপুর হাসপাতালে রেবিস ভ্যাক্সিন সংকট : কুকুর-বিড়ালের কামড়ে চিকিৎসা না পেয়ে রোগীদের ছুটতে হচ্ছে বরিশাল

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে রেবিস ভ্যাক্সিনের সংকট দেখা দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কুকুর বা বিড়ালের কামড়ে আহত রোগীরা হাসপাতালে এসে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে বাধ্য হচ্ছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে ছুটতে। এতে সময় ও অর্থ—দুই দিক থেকেই ভোগান্তিতে পড়ছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন প্রাণীর কামড়ে আহত রোগীরা হাসপাতালে এলেও সেখানে মিলছে না রেবিস ভ্যাক্সিন। জরুরি এই টিকা না থাকায় অনেকেই আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন। বিশেষ করে দরিদ্র পরিবারগুলো অতিরিক্ত যাতায়াত ব্যয় বহন করতে গিয়ে বিপাকে পড়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, শুধু রেবিস ভ্যাক্সিন নয়, হাসপাতালের বিভিন্ন প্রয়োজনীয় ওষুধেরও ঘাটতি রয়েছে। কোন ওষুধ মজুত আছে আর কোনটি নেই—সে বিষয়ে দৃশ্যমান কোনো তালিকা না থাকায় রোগীদের বিভ্রান্তি ও হয়রানির শিকার হতে হচ্ছে।

এদিকে হাসপাতাল ঘিরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধেও উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের দাবি, চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে বাইরে থেকে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা করাতে প্ররোচিত করা হচ্ছে। এতে বাড়তি খরচের পাশাপাশি সাধারণ মানুষকে পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে আসা হাসান নামের এক ব্যক্তি বলেন, “হাসপাতালে এসে শুনি ভ্যাক্সিন নেই। এখন বাধ্য হয়ে বরিশাল যেতে হচ্ছে। গরিব মানুষের জন্য এটা খুব কষ্টের।”

স্থানীয়দের অভিযোগ, পাশের গৌরনদীসহ আশপাশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত রেবিস ভ্যাক্সিন সরবরাহ থাকলেও উজিরপুর হাসপাতালে দীর্ঘদিন ধরে এ সংকট চলছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

চিকিৎসকদের মতে, কুকুর বা বিড়ালের কামড় কিংবা আঁচড়ের পর দ্রুত রেবিস ভ্যাক্সিন গ্রহণ না করলে প্রাণঘাতী রেবিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এ ঝুঁকি আরও বেশি।

এ বিষয়ে উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাইদুল ইসলাম বলেন, “রেবিস ভ্যাক্সিনের বিষয়ে জরুরি ভিত্তিতে চাহিদাপত্র পাঠানো হবে।”

রেবিস ভ্যাক্সিন সংকট, ওষুধের ঘাটতি ও দালাল চক্রের দৌরাত্ম্যে হাসপাতালের সেবার মান নিয়ে জনমনে বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ। দ্রুত প্রয়োজনীয় ভ্যাক্সিন ও ওষুধ সরবরাহ নিশ্চিতসহ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়