শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জুবায়ের হোসেন রাকিব (২৩) হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে নিহতের স্বজন ও উত্তেজিত জনতা সন্দেহভাজন হামলাকারীদের বাড়িতে হামলা চালায়। এ সময় পাঁচটি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং আরও তিনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

নিহত রাকিব একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে। তার বাবা ও এক ভাই বর্তমানে বিদেশে অবস্থান করছেন। রাকিব জীবিকার তাগিদে ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন শপিংমলে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবের আত্মীয়ের সঙ্গে এক দোকানদারের বাকবিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসার জন্য শনিবার রাতে পাকমুন্সিরহাট বাজারে উভয় পক্ষের লোকজন জড়ো হয়। সেখানে উপস্থিত লোকজন রাকিবকে স্থান ত্যাগ করতে বললে তিনি তার ছোট ভাই রিমনকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

পথিমধ্যে বাজারসংলগ্ন একটি অন্ধকার স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। এ সময় রাকিবের ওপর লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। ছোট ভাই রিমন তাকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করে আহত করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুপুর ১২টার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানিয়েছেন, হত্যাকাণ্ড এবং পরবর্তী হামলা-অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে। এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়