স্পোর্টস ডেস্ক : সিরিজ জিতেছে বাংলাদেশ। অজিদের বিপক্ষে গত ম্যাচ দিয়ে ২১ বছরের জয়খরা কাটানোর পর আজ সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। কিন্তু এই আনন্দের সময়েও, বাংলাদেশের ড্রেসিংরুমে উৎকন্ঠা। অসুস্থতার কারণে হাসপাতালে নেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে।
এদিন দলে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মিরাজ। শেষের দিকে খেলেন ২২ বলে অপরাজিত ২২ রানের ইনিংস। দলের উইনিং রান টাও এসেছে মিরাজের ব্যাট থেকে। তবে এরপরই তাকে নেওয়া হয় হাসপাতালে।
ঘটনা বাংলাদেশের ব্যাটিং ইনিংসে ৩৪ তম ওভারে। নাথান এলিসের একটি বাউন্স গিয়ে আঘাত হানে মিরাজের হেলমেটে। সঙ্গে সঙ্গে অস্বস্তি বোধ করেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশের মেডিকেল টিমের সদস্যরাও ছুটে আসেন দ্রুত। বেশ খানিকক্ষণ সময় ধরে মিরাজকে চেকআপ করেন তারা।
মনে হচ্ছিল, মাঠ থেকে বোধ হয় উঠে যাবেন মিরাজ। কিন্তু না মাঠেই থেকে যান টাইগার অধিনায়ক। শেষ পর্যন্ত দলকে জিতিয়েই ছাড়েন মাঠ।
মিরাজকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম মানেজমেন্ট। যার কারণে রাতেই তাকে নেওয়া হয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখানে তাকে আগামী ২৪ ঘণ্টা রাখা হবে পর্যবেক্ষণে। এরপর মিরাজের বিষয়ে নেওয়া হবে সিদ্ধান্ত।
উল্লেখ্য, মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৫ উইকেট হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আগামী ১৪ ই জুন সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।