ফিফা বিশ্বকাপ ২০২৬ এর উদ্বোধনী আয়োজনে পারফর্ম করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী ও গায়িকা নোরা ফাতেহি। কানাডার টরন্টোয় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে তার পরিবেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তবে এই আয়োজনের পর থেকেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে- বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করতে কত পারিশ্রমিক পেয়েছেন নোরা?
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা বিশ্বকাপ ২০২৬ এর উদ্বোধনী আয়োজনে অংশ নেওয়া শিল্পীদের বেশির ভাগই কোনো সরাসরি পারফরম্যান্স ফি পাননি। নোরা ফাতেহির ক্ষেত্রেও একই তথ্য উঠে এসেছে। তবে এ বিষয়ে ফিফা কিংবা নোরার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, শিল্পীদের পারিশ্রমিক না দিলেও তাদের যাতায়াত, আবাসন, মঞ্চসজ্জা, কোরিওগ্রাফি, পোশাক, প্রযুক্তিগত সহায়তা ও অন্যান্য আয়োজন- সংশ্লিষ্ট ব্যয় বহন করেছে ফিফা। ফলে নোরা ফাতেহি সরাসরি কোনো সম্মানী পেয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।
টরন্টোর উদ্বোধনী অনুষ্ঠানে নোরা পরিবেশন করেন ‘সির সির’ গানটি। এটি ফিফা বিশ্বকাপ ২০২৬ এর অন্যতম থিম সংগীত। গানটিতে নোরার সঙ্গে রয়েছেন ফরাসি শিল্পী ভেজিড্রিম ও সংগীত প্রযোজক সানজয়।
‘সির সির’ নামটি এসেছে একটি জনপ্রিয় মরক্কান ফুটবল স্লোগান থেকে, যার অর্থ ‘এগিয়ে চলো’ বা ‘গো, গো’। গানটিতে আরবি, ইংরেজি, ফরাসি ও মরক্কান দারিজা ভাষার সংমিশ্রণ রয়েছে।
কানাডার টরন্টোয় অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে নোরা ফাতেহির পাশাপাশি অংশ নেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, জেসি রেয়েজ, এলিয়ানা ও মাইকেল বুবলের মতো শিল্পীরা।
এদিকে মেক্সিকো সিটির উদ্বোধনী আয়োজনে পারফর্ম করেন সাকিরা ও বার্না বয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন কেটি পেরি। তার সঙ্গে মঞ্চে ছিলেন আনিতা, ফিউচার, লিসা, রিমা ও টায়লা।
এবারের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৪৮টি দল। আগামী ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস