শিরোনাম
◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৩৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের বিরুদ্ধে মার্কিন দাবির প্রমাণ মেলেনি: পর্যবেক্ষক

চীনের বিরুদ্ধে পারমাণবিক পরীক্ষার মার্কিন দাবির পক্ষে কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষক। ২০২০ সালে চীন গোপনে একাধিক পারমাণবিক পরীক্ষা চালিয়েছে বলে মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছিলেন। তবে তার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে গত শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট (আর্মস কন্ট্রোল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি) থমাস ডি ন্যানো অভিযোগ করেন, চীন ২০২০ সালে গোপনে পারমাণবিক পরীক্ষা চালায় এবং তা আড়াল করার চেষ্টা করে। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ স্টার্ট পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরপরই এমন বক্তব্য এসেছে।

সম্মেলনে ডি ন্যানো বলেন, যুক্তরাষ্ট্র সরকার জানে যে চীন পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালিয়েছে, এমনকি শত শত টন শক্তির নির্দিষ্ট মাত্রার পরীক্ষার প্রস্তুতিও নিয়েছে। তিনি দাবি করেন, চীনের সামরিক বাহিনী পরীক্ষাগুলো গোপন রাখার চেষ্টা করেছে, কারণ তারা জানত এসব পরীক্ষা পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে। ২০২০ সালের ২২ জুন তারা একটি পারমাণবিক পরীক্ষা চালায়।

নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন ধরনের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব অভিযোগ করেন ডি ন্যানো। তিনি বলেন, ২০১০ সালে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তির সীমাবদ্ধতাগুলো ২০২৬ সালের বাস্তবতায় আর কার্যকর নয়, যখন একটি দেশ দ্রুত গতিতে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সম্প্রসারণ করছে এবং আরেকটি দেশ চুক্তির বাইরে থেকে বিভিন্ন পারমাণবিক ব্যবস্থা উন্নয়ন করছে।

তবে এসব অভিযোগ নাকচ করেছে কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার-টেস্ট-ব্যান ট্রিটি অর্গানাইজেশন (সিটিবিটিও)। সংস্থাটির নির্বাহী সচিব রবার্ট ফ্লয়েড এক বিবৃতিতে বলেন, তাদের বৈশ্বিক পর্যবেক্ষণ ব্যবস্থায় অভিযোগকৃত সময়ের মধ্যে ‘পারমাণবিক অস্ত্র পরীক্ষার বৈশিষ্ট্যযুক্ত কোনো ঘটনা শনাক্ত হয়নি’। বিস্তারিত পুনঃবিশ্লেষণের পরও এই মূল্যায়ন অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।

সম্মেলনে চীনের পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক রাষ্ট্রদূত শেন জিয়ান সরাসরি অভিযোগের জবাব না দিলেও বলেন, চীন সবসময় পারমাণবিক ইস্যুতে দায়িত্বশীল ও সংযত ভূমিকা পালন করেছে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে চীনের জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক বক্তব্য দিচ্ছে।

শেন জিয়ান বলেন, আমরা এই মিথ্যা বর্ণনার তীব্র বিরোধিতা করছি এবং যুক্তরাষ্ট্রের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নেতিবাচক কর্মকাণ্ডই আন্তর্জাতিক নিরাপত্তার সবচেয়ে বড় ঝুঁকি।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শেন জিয়ান বলেন, “চীন সবসময় পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার প্রতিশ্রুতি সম্মান করেছে।” সম্মেলনে উপস্থিত কূটনীতিকরা জানান, যুক্তরাষ্ট্রের এই অভিযোগ নতুন এবং উদ্বেগজনক।

উল্লেখ্য, চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটিতে (সিটিবিটি) স্বাক্ষর করলেও তা এখনো অনুমোদন (র‌্যাটিফিকেশন) করেনি। অন্যদিকে রাশিয়া চুক্তিটি স্বাক্ষর ও অনুমোদন করলেও ২০২৩ সালে অনুমোদন প্রত্যাহার করে নেয়।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীকে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, অন্য দেশগুলো ইতোমধ্যে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়