স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে কোনরকম হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পেয়েছে অস্ট্রেলিয়া। এবার বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল দলটি। অজি তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে টি-টয়েন্টি স্কোয়াড থেকে প্রত্যাহার করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ফলে তিন ম্যাচের এই সিরিজে তাকে আর সাথে পাবে না সফরকারীরা।
অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, গ্রিনকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসনের জন্য পার্থে পাঠানো হয়েছে। সেখানে তিনি সংক্ষিপ্ত রিকভারি প্রক্রিয়া সম্পন্ন করবেন। পরবর্তীতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দেবেন।
বোর্ড আরও জানায়, এই সিদ্ধান্ত খেলোয়াড়ের দীর্ঘমেয়াদি ফিটনেস ও আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর কথা মাথায় রেখে নেওয়া হয়েছে।
ওয়ানডে সিরিজে মোটামুটি ভালো পারফরম্যান্স দেখালেও টি-টোয়েন্টি সিরিজের জন্য গ্রিনের অনুপস্থিতি সফরকারী অস্ট্রেলিয়ার জন্য একটি বড় ঘাটতি। এখনো তার পরিবর্তে নতুন কোনো খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেনি দলটি। অন্যদিকে, এই সুযোগকে পুরো কাজে লাগাতে চাইবে স্বাগতিক বাংলাদেশ।
১৭ জুন শুরু হবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২১ জুন। সবগুলো ম্যাচই চট্টগ্রামে বাংলাদেশ সময় দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।