শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০১:৪৬ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ঈদকেন্দ্রিক হয়ে পড়েছে ঢাকাই সিনেমা, ঈদ ছবির নায়ক শাকিব খান

মনিরুল ইসলাম: ঢাকাই চলচ্চিত্র এখন অনেকটাই ঈদনির্ভর হয়ে পড়েছে। ঈদ এলেই যেন জেগে ওঠে দেশের চলচ্চিত্র শিল্প। এই সময়কে কেন্দ্র করেই সবচেয়ে বেশি সিনেমা মুক্তি পায়। বিশেষ করে ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান এখন যেন ঈদ সিনেমার নায়ক হয়ে উঠেছেন। বছরের অন্য সময় তাঁর অভিনীত সিনেমা খুব একটা মুক্তি না পেলেও দুই ঈদ ঘিরেই তাঁর ছবির মুক্তি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।

শুধু শাকিব খানই নন, সাম্প্রতিক সময়ে ঈদকেন্দ্রিক সিনেমায় দেখা যাচ্ছে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদকেও। গত কয়েক বছর ধরেই এই ধারা লক্ষ্য করা যাচ্ছে। বছরের অন্য সময় সিনেমা মুক্তির প্রবণতা প্রায় নেই বললেই চলে। যদিও মাঝে মাঝে কিছু সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়, তবে দর্শক টানতে সেগুলোকে হিমশিম খেতে হয়। কিন্তু ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তির সময় এক ধরনের উন্মাদনা তৈরি হয়।

এবারের ঈদে কয়টি সিনেমা মুক্তি পাবে তা নিয়ে চলছে আলোচনা। কেউ বলছেন ১২টি, আবার কেউ বলছেন ৯টি সিনেমা মুক্তি পেতে পারে। তবে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক নেতারা জানিয়েছেন, শেষ পর্যন্ত ৬টির বেশি সিনেমা ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই।

এ বিষয়ে বিজয়নগরে অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতিতে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা জানান, এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না কয়টি সিনেমা ঈদে মুক্তি পাবে। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পরই বিষয়টি চূড়ান্ত হবে।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, বর্তমানে সিনেমা অনেকটা ফেস্টিভ্যাল মুডে চলে এসেছে। ঈদ এলেই সিনেমা মুক্তির জন্য হিড়িক পড়ে যায়। এতে চলচ্চিত্র শিল্পের খুব একটা লাভ হয় না। সারাবছর সিনেমা মুক্তির তারিখ পড়ে থাকে, কিন্তু ঈদ এলেই প্রেক্ষাগৃহ পাওয়ার জন্য শুরু হয় দৌড়ঝাঁপ।

তিনি বলেন, শুধু ঈদকেন্দ্রিক সিনেমা মুক্তির প্রবণতা নিয়ে এখন ভাবার সময় এসেছে। যদি কেবল ঈদেই সিনেমা মুক্তি দেওয়া হয়, তাহলে সারাবছর প্রেক্ষাগৃহগুলোতে সিনেমা চলবে কীভাবে—সেই প্রশ্নও সামনে আসে।

ঈদে মুক্তির আলোচনায় যেসব সিনেমা

এবার ঈদে মুক্তির আলোচনায় রয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। নব্বইয়ের দশকের অপরাধজগতের পটভূমিতে নির্মিত এই সিনেমায় ঢাকার গ্যাংস্টার সংস্কৃতির একটি অধ্যায় তুলে ধরা হয়েছে। ছবিটির কিছু অংশ বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কায় ধারণ করা হয়েছে এবং শেষ লটের শুটিং চলছে কলকাতায়। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু ও ঢাকার তাসনিয়া ফারিণ।

এছাড়া ঈদে মুক্তির তালিকায় রয়েছে আফরান নিশো অভিনীত ‘দম’। রেদওয়ান রনি পরিচালিত এই সারভাইভালধর্মী সিনেমার বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে। ছবিতে নিশোর সঙ্গে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরি।

মুক্তির তালিকায় রয়েছে আলোচিত চিত্রনায়িকা পরীমনি অভিনীত ‘ডোডোর গল্প’। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমায় তাঁকে দেখা যাবে এক সংগ্রামী মায়ের চরিত্রে।

রাশিদ পলাশ পরিচালিত ‘রঙবাজার’ সিনেমাটিও মুক্তির আলোচনায় রয়েছে। এতে ৪০০ বছরের পুরোনো একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনা তুলে ধরা হয়েছে। ছবিতে অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি ও মৌসুমী হামিদ।

এছাড়া আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত ‘পিনিক’, ববি অভিনীত ‘তছনছ’, এবং সিয়াম আহমেদ ও কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায় অভিনীত ‘রাক্ষস’ সিনেমাগুলোও ঈদে মুক্তির আলোচনায় রয়েছে।

অন্যদিকে রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমাটিও আলোচনায় আছে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে পারিবারিক ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে কেন্দ্র করে। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি ও মারিয়া শান্ত।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, ঈদকেন্দ্রিক এই মুক্তির সংস্কৃতি ঢাকাই চলচ্চিত্রে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি করলেও সারাবছর সিনেমা মুক্তির ভারসাম্য রক্ষা করা এখন সময়ের দাবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়